নাট্যাঙ্গনে নতুন মুখ হিসেবে আত্মপ্রকাশ করেছেন রাবেয়া সুলতানা মুক্তা। ২০২৫ সালে দেশের জনপ্রিয় টিভি চ্যানেল গ্লোবাল টেলিভিশনে প্রচারিত নাটক ‘নোয়াখালী এক্সপ্রেস’-এ অভিনয়ের মাধ্যমে ছোট পর্দার নাটকে যাত্রা শুরু করেন তিনি। প্রথম কাজেই সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকের নজর কাড়তে সক্ষম হয়েছেন এই নবাগত অভিনেত্রী।
রাবেয়া সুলতানা মুক্তার গ্রামের বাড়ি নোয়াখালী হলেও তার জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামে। চার ভাইবোনের মধ্যে তিনি একমাত্র মেয়ে; তার তিন ভাই বয়সে তার চেয়ে বড়। পরিবারের সমর্থন ও উৎসাহ তাকে অভিনয় ও মিডিয়ায় এগিয়ে যেতে সাহায্য করেছে। পরিবারে তার একমাত্র মেয়ে অপ্সরাও তার পাশে আছেন।
শিক্ষাজীবনে তিনি চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটি থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। পড়াশোনার পাশাপাশি উপস্থাপনা ও অভিনয়ের প্রতি আগ্রহ থেকেই মিডিয়ায় কাজের প্রস্তুতি নেন তিনি।
রাবেয়া সুলতানা মুক্তার পেশাগত জীবনও সমানভাবে সফল। ২০১৫ সালে তিনি প্রিমিয়ার ব্যাংক পিএলসিতে যোগ দেন। ছোট পদে শুরু করা কর্মজীবনে কঠোর পরিশ্রম ও দক্ষতার মাধ্যমে তিনি দ্রুত সাফল্য অর্জন করেন। বর্তমানে তিনি ব্যাংকটির গুলশান শাখায় সিনিয়র অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্টরা বলছেন, তার প্রফেশনাল কমিটমেন্ট, নেতৃত্বের দক্ষতা ও ক্লায়েন্টদের সঙ্গে প্রাঞ্জল যোগাযোগ ক্ষমতা তাকে সহকর্মীদের মধ্যে ভিন্নভাবে সুনাম দিয়েছে। রাবেয়া জানান, সহকর্মীসহ ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তাদের উদারতা এবং সহযোগিতায় এতোদূর আসা সম্ভব হয়েছে। প্রিমিয়ার ব্যাংকও মানুষের সেবায় দীর্ঘ ২৬ বছর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া ২০২৪ সাল থেকে তিনি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল গ্লোবাল টেলিভিশনে নিউজ প্রেজেন্টার হিসেবেও নিয়মিত সংবাদ পাঠ করছেন।
নাটক ‘নোয়াখালী এক্সপ্রেস’-এ তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। গল্পের প্রয়োজনে আবেগ ও বাস্তবতার সমন্বয়ে চরিত্রটি তিনি পর্দায় বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলেছেন। প্রথম নাটকেই অভিনয়ে আত্মবিশ্বাসের ছাপ রেখেছেন বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।
নোয়াখালী অঞ্চল ও ভাষাকে কেন্দ্র করে অসংখ্য নাটক হয়েছে, তবে এবারই প্রথম দীর্ঘ ধারাবাহিক আকারে নির্মাতা অরণ্য আনোয়ারের রচনা ও পরিচালনায় সিরিজটি সম্প্রচারিত হচ্ছে। নাটকটি প্রচারের পর দর্শকমহলে ইতিবাচক সাড়া পেয়েছে। সংশ্লিষ্টদের মতে, অভিনয়ে ধারাবাহিকতা বজায় রাখলে মিডিয়া ও নাট্যাঙ্গনে রাবেয়া সুলতানা মুক্তার সম্ভাবনাময় ভবিষ্যৎ অপেক্ষা করছে।
নিজের অনুভূতি জানিয়ে রাবেয়া সুলতানা মুক্তা বলেন, “ব্যাংকিং প্রফেশন, নাটক, সংবাদ উপস্থাপন এবং সমাজসেবা—সবকিছুই আমার জীবনের অঙ্গ। অভিনয় ও সংবাদ উপস্থাপনা উভয়ই আমার দীর্ঘদিনের স্বপ্ন। পাশাপাশি সমাজসেবার কাজ করতে পারা আমার জন্য গর্বের বিষয়। দর্শক ও পরিবারের সমর্থন আমাকে আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করছে।”
রাবেয়া সুলতানা মুক্তা সমাজসেবার ক্ষেত্রেও সক্রিয়। তিনি বিভিন্ন কল্যাণের কাজে অংশ নিয়েছেন এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমেও অংশগ্রহণ করেছেন। ইতিমধ্যে তিনি কয়েকটি ওভিসিও করেছেন।



