মাস ছয়েক আগেই বার্ষিক হালনাগাদের পর আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে দশে নেমে যায় বাংলাদেশ। ২০০৬ সালের পর যা বাংলাদেশের এই সংস্করণে সর্বনিম্ন অবস্থান। এর পর থেকে দশেই আছে বাংলাদেশ। তাতে ২০২৭ বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলতে পারবে কি না, সেই প্রশ্ন উঠে গেছে।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৭৪ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে দশে। নয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৮০। বাংলাদেশ আজ শেষ ম্যাচ জিতে সিরিজ জিতলে র্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজ নয়ে ও বাংলাদেশ দশেই থাকবে। বাংলাদেশের পয়েন্ট হবে ৭৬, ওয়েস্ট ইন্ডিজে ৭৯।
আর ওয়েস্ট ইন্ডিজ ২-১ ব্যবধানে সিরিজ জিতলে অবস্থান বদলাবে না দুই দলের কারও। ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট বেড়ে হবে ৮১, বাংলাদেশের হবে ৭৩।
বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের পথটা বাংলাদেশের জন্য এখন বেশ জটিল। প্রতিটি সিরিজ, প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। তবে পর্যাপ্ত সুযোগও আছে।
বিসিবি জানিয়েছে ২০২৫-২৬ সময়কালে বাংলাদেশ আরও ২০টি ওয়ানডে খেলবে। ফলে র্যাঙ্কিংয়ে উন্নতি করে এখনও সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ রয়েছে।
বাংলাদেশের বাকি থাকা ম্যাচগুলো- পাকিস্তান – ৩ ওয়ানডে (হোম), নিউ জিল্যান্ড – ৩ ওয়ানডে (হোম), অস্ট্রেলিয়া – ৩ ওয়ানডে (হোম), জিম্বাবুয়ে – ৫ ওয়ানডে (অ্যাওয়ে), আয়ারল্যান্ড – ৩ ওয়ানডে (অ্যাওয়ে) ও ভারত – ৩ ওয়ানডে (হোম)।
এই ম্যাচগুলি আইসিসি এফটিপি’র অধীনে দ্বিপাক্ষিক সিরিজের অংশ এবং ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান নির্ধারণে সরাসরি ভূমিকা পালন করবে।
প্রসঙ্গত, আইসিসির শর্ত পূরণ করে ২০১৫, ২০১৯ এমনকি ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি কোয়ালিফাই করেছে।



