ঘূর্ণিঝড় ‘মন্থা’- এর প্রভাবে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে অন্ধ্র প্রদেশ, ওড়িশা, তেলেঙ্গানা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকা। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ঝড়ের তাণ্ডবে অন্ধ্র প্রদেশে এক নারীর মৃত্যু হয়েছে।
ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার এই চার রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। রাতের দিকে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে ‘গভীর নিম্নচাপ’-এ পরিণত হতে পারে।স্থানীয় প্রশাসন জানিয়েছে, অন্ধ্র প্রদেশের কোনাসীমা জেলায় মঙ্গলবার রাতে গাছচাপায় প্রাণ হারান ৪৮ বছর বয়সী এক নারী ।রাজ্য সরকারের হিসাবে, মঙ্গলবার রাত পর্যন্ত ৩৮ হাজার হেক্টরেরও বেশি জমির ফসল নষ্ট হয়েছে এবং বহু বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে
সংবাদ সংস্থা এএনআই-এর ভিডিও ফুটেজে দেখা গেছে, অন্ধ্র প্রদেশে উদ্ধারকর্মীরা উপড়ে পড়া গাছ সরিয়ে রাস্তাঘাট পরিষ্কার করছেন, এর মধ্যেই ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে।



